থ্রু দ্য বাইবেল সম্পর্কে

থ্রু দ্য বাইবেল একটি ভালোবাসার গল্প—মানবজাতির প্রতি ঈশ্বরের ভালোবাসার গল্প, যা পুরাতন ও নতুন নিয়মের ৬৬টি বইয়ের মধ্য দিয়ে বলা হয়েছে।

থ্রু দ্য বাইবেল-এর পরিচর্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ভালোবাসার গল্প—মানবজাতির প্রতি ঈশ্বরের নিজের ভালোবাসার গল্প। পুরাতন ও নতুন নিয়মের ৬৬টি বইয়ের মধ্য দিয়ে এই গল্প বলা হয়েছে। আর যতবার আমরা এই গল্প শুনি, ততবারই তা আমাদের কাছে আরও সুন্দর ও অর্থবহ হয়ে ওঠে—কারণ এর প্রতিটি কথাই সত্য।

TTB প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় – মানুষকে ঈশ্বরের পরিত্রাণের প্রস্তাব এবং তাঁর সঙ্গে চলার প্রতি সাড়া দিতে আমন্ত্রণ জানায়।

আমাদের প্রতিষ্ঠাতা ও শিক্ষক, ড. জে. ভার্নন ম্যাকগি, অন্য যেকোনো কিছুর চেয়ে ঈশ্বরের কাহিনী বলতে বেশি ভালোবাসতেন। একজন পাস্টর ও বাইবেল শিক্ষক হিসেবে, তিনি ১৯৪১ সালে বেতারে শিক্ষা প্রদান শুরু করেন, এই আশায় যে তার স্থানীয় সান গ্যাব্রিয়েল ভ্যালি এবং লস অ্যাঞ্জেলেস এলাকার মানুষ মনোযোগ দেবে এবং সহজভাবে শেখানো ঈশ্বরের বাক্যের আশ্চর্যজনক বিষয়গুলো গ্রহণ করবে। ড. ম্যাকগিকে অবাক করে দিয়ে, মানুষ তা শুনলো।

বাইবেল শুধু একটি সুন্দর গল্প নয়—আর ড. ম্যাকগীও শুধু একজন দক্ষ গল্পকার নন। বরং বাইবেল হলো সেই প্রধান মাধ্যমগুলোর একটি, যার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের তাঁর কাছে টেনে নেন।

আপনার এবং আমার জন্য যীশুর কাছাকাছি থাকার একমাত্র উপায় তাঁর বাক্যের কাছাকাছি থাকা। …এই কারণেই আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়নে সময় দিই। আর এই কারণেই আমি রেডিও অনুষ্ঠানে শ্রোতাদের চিঠি পড়ে শোনাই। তারা লেখেন, ‘জীবনে প্রথমবারের মতো আমি প্রভুর আনন্দ খুঁজে পেয়েছি।’ তাদের কাছে খ্রীষ্টিয় জীবন ছিল যেন একটি ভারী বোঝা; তারা শুধু কর্তব্য ও নিয়ম-শৃঙ্খলার কথাই জানতেন। কিন্তু আপনি যখন সময় নিয়ে বাইবেল অধ্যয়ন করবেন, তখন যীশুর প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না।

— ড. জে. ভার্নন ম্যাকগী
ইব্রীয় পুস্তকের শিক্ষা থেকে

ঈশ্বরের আহ্বানে সাড়া দেওয়ার ক্ষেত্রে ড. ম্যাকগীর সাহস ও বিশ্বস্ততাকে আমরা সম্মান করি। তবে তাঁর বাক্যের প্রচারের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবন পরিবর্তিত হওয়ার জন্য সমস্ত গৌরব আমরা ঈশ্বরকেই দিই।

সহজ-সরল ভাষায় এবং আন্তরিক ও আপন ভঙ্গিতে প্রচার করা জন ভার্নন ম্যাকগীর শিক্ষা যে বিশ্বজুড়ে এত মানুষের হৃদয়ে সাড়া জাগাবে, তা দেখে সম্ভবত তিনি নিজেই সবচেয়ে বেশি অবাক হতেন।

ড. ম্যাকগী ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিলসবোরোতে জন্মগ্রহণ করেন। জর্জিয়া, টেনেসি ও টেক্সাসের বিভিন্ন মণ্ডলীতে পালক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি ও তাঁর স্ত্রী রুথ ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

১৯৪১ সালে ড. ম্যাকগী একটি রেডিও স্টেশনে “দ্য ওপেন বাইবেল আওয়ার” নামে রবিবারের একটি অনুষ্ঠান শুরু করেন। পরবর্তীতে এর নাম হয় “হাই নুন বাইবেল ক্লাস”। এই অনুষ্ঠানই ১৯৬৭ সালে আজকের “থ্রু দ্য বাইবেল” কার্যক্রম শুরু হওয়ার ভিত্তি তৈরি করে।

১৯৪৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ড. ম্যাকগী লস অ্যাঞ্জেলেসের চার্চ অব দ্য ওপেন ডোর-এ পালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি মণ্ডলীর উপাসনায় প্রচারিত তাঁর “রবিবারে প্রচার” বার্তাগুলো রেকর্ড করতেন।

১৯৬৫ সালে ক্যান্সারের অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা বলেছিলেন, ড. ম্যাকগী হয়তো আর মাত্র ছয় মাস বেঁচে থাকবেন। কিন্তু প্রভু তাঁকে আরও ২৩ বছর বেঁচে থাকার সুযোগ দিয়েছিলেন।

পালকের দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর ড. ম্যাকগী তাঁর জীবন থ্রু দ্য বাইবেল পরিচর্যায় উৎসর্গ করেন। পাসাডেনার অফিসে প্রায় প্রতিদিনই তাঁকে দেখা যেত—সামনে মাইক্রোফোন আর ডেস্কের ওপর খোলা বাইবেল নিয়ে তিনি ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছেন।

ড. ম্যাকগী ও পরিচালনা পর্ষদ আগে থেকেই পরিকল্পনা করেছিলেন যে, তাঁর মৃত্যুর পরও তাঁর রেকর্ড করা পাঁচ বছরের বাইবেল শিক্ষা কার্যক্রম রেডিওতে প্রচারিত হতে থাকবে। এ বিষয়ে ড. ম্যাকগীর নির্দেশনা ছিল, “যতদিন অর্থের ব্যবস্থা থাকে, ততদিন রেকর্ড করা অনুষ্ঠানগুলো প্রচার করতে থাকুন।”

১৯৮৮ সালের ১ ডিসেম্বর ড. ম্যাকগী তাঁর চেয়ারে ঘুমিয়ে পড়েন এবং সেখানেই শান্তভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে তাঁর ত্রাণকর্তার সান্নিধ্যে চলে যান।

আজ থ্রু দ্য বাইবেল-এর বিশ্বব্যাপী পরিচর্যা একটি ছোট কর্মীদল এবং বিশ্বস্ত শ্রোতাদের প্রার্থনা ও উদার সহায়তায় এগিয়ে চলেছে। আমাদের অঙ্গীকার হলো—প্রভূ যীশু খ্রীষ্টের পুনরাগমন পর্যন্ত “বাইবেল বাস”-এর এই যাত্রা ঈশ্বরের সম্পূর্ণ বাক্যের মধ্য দিয়ে অব্যাহত রাখা।

থ্রু দ্য বাইবেল সম্পর্কে
বাইবেল বাসে সবসময় নতুন সহযাত্রীদের জন্য জায়গা আছে।
তাই ঈশ্বরের সম্পূর্ণ বাক্যের মধ্য দিয়ে এই যাত্রায় আমরা বারবার ফিরে আসা দীর্ঘদিনের সহযাত্রীদেরও আনন্দের সঙ্গে স্বাগত জানাই। আপনিও “বাইবেল বাসে” উঠে পড়ুন এবং আপনার বন্ধুদেরও এই যাত্রায় আমন্ত্রণ জানান।

তাই আপনিও এই যাত্রায় যোগ দিন এবং আপনার বন্ধুদেরও সঙ্গে আসতে আমন্ত্রণ জানান।

Scroll to Top